জাতীয় ডেস্ক : আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সাফল্য বয়ে আনা ক্রীড়াবিদদের উৎসাহ দিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার।
ক্রীড়া ভাতা ও বিশেষ কার্ড বিতরণের মাধ্যমে খেলোয়াড়দের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদকে মোট ২ কোটি ৪৪ লক্ষ টাকার বিশেষ সম্মাননা ও অর্থ পুরস্কার প্রদান করেন তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ক্রীড়াবিদদের খেলায় বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।
তারেক রহমান বলেন, ‘আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর দিকে আমাদের লক্ষ্য থাকবে। আমাদের ছেলেমেয়েরা যে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারে, সেটা এরই মধ্যে প্রমাণ হয়েছে। ইনশাআল্লাহ আগামী দিনেও এটা অব্যাহত থাকবে।
কথা বলার অনেক কিছুই আছে। আমার মনে কথা কম কাজ বেশি করতে হবে। কথা কম, খেলতে হবে বেশি।
দেশপ্রেম, দৃঢ় ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যের পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি বিশ্বাস করি।’
অনুষ্ঠানে একক পর্যায়ে সোনাজয়ীদের ৩ লক্ষ টাকা, রোপা পদক বিজয়ীদের দুই লাখ এবং ব্রোঞ্জ জয়ীদের এক লাখ টাকা পুরস্কার দেয়া হয়।
এ ছাড়া দলগতভাবে বিজয়ীরা যথাক্রমে ২ লাখ, দেড় লাখ ও এক লাখ টাকা করে আর্থিক পুরস্কার পেয়েছেন। ক্রীড়া ভাতার অংশ হিসেবে প্রত্যেকে পাবেন মাসে এক লাখ টাকা করে।
একইসাথে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদেরও এই সম্মাননার আওতায় আনা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



