সিটিজি নিউজ টুডে : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে বর্তমানে তেলের কোনো সংকট নেই। তবে আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যের কারণে দীর্ঘদিন এভাবে তেল ও গ্যাস সরবরাহ বজায় রাখা কতটা সম্ভব হবে, তা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে।
এ কারণে শিগগিরই এ বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম-এর কেইপিজেড ইয়ংওয়ান কর্পোরেশন মিলনায়তনে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত এক স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশকে প্রভাবিত করছে।
দেশের অধিকাংশ জ্বালানি তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয় উল্লেখ করে তিনি জানান, চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকার আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছে।
জ্বালানি নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘সর্বোপরি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই।’
সংকট মোকাবিলায় ইতোমধ্যে সাশ্রয় কর্মসূচি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাইকে জ্বালানি ব্যবহারে সচেতন ও সাশ্রয়ী হতে হবে।
পুঁজিবাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করা হবে। ব্যাংকঋণনির্ভর বিনিয়োগের পরিবর্তে পুঁজিনির্ভর বিনিয়োগকে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। স্বাগত বক্তব্য দেন কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মোহাম্মদ শাহজাহান।
এ সময় ইয়ংওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কিহাক সাং, সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুবসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কলারশিপ বিতরণ করা হয়।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



