চট্টগ্রাম নগরীর ঘনবসতিপূর্ণ বাংলা বাজারের এসআরবি এলাকায় অবৈধভাবে কালো তেলের বিপুল মজুত ঘিরে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
রেলওয়ের মূল্যবান জমি দখল করে গড়ে ওঠা এই অনিয়ন্ত্রিত তেলের ডিপো যেন এক অদৃশ্য ‘টাইম বোমা’, যা যে কোনো সময় ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে এখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ সংরক্ষণ করা হচ্ছে—যেখানে নেই ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা, নেই কোনো জবাবদিহিতা।
এলাকাটি অত্যন্ত জনবহুল হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। বাসিন্দারা আশঙ্কা করছেন, সামান্য অসতর্কতা কিংবা একটি ছোট স্ফুলিঙ্গই যথেষ্ট একটি ভয়াবহ বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের জন্য।
এমন একটি দুর্ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ হতে পারে, তা কল্পনাতীত।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—ডিপোটিতে নেই কোনো মানসম্মত অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নেই জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি।
প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই এলাকার মধ্য দিয়ে চলাচল করছেন, আর আশপাশের বাসিন্দারা বসবাস করছেন চরম অনিশ্চয়তা ও ভয়ের মধ্যে। তাদের ভাষায়, “এ যেন প্রতিদিন মৃত্যুর সঙ্গে বসবাস।”
স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
প্রশাসনের এই রহস্যজনক নীরবতা ও নিষ্ক্রিয়তা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। কেন এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অবৈধভাবে তেল মজুত শুধু বিস্ফোরণের ঝুঁকি তৈরি করে না, বরং এটি পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি।
তেলের বাষ্প, লিকেজ এবং অগ্নিকাণ্ডের সম্ভাবনা—সব মিলিয়ে এটি একটি বিপজ্জনক পরিস্থিতি, যা আর অবহেলার সুযোগ নেই।
তাদের মতে, অবিলম্বে কঠোর অভিযান চালিয়ে এই অবৈধ ডিপো অপসারণ করা এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
অন্যথায়, প্রশাসনের উদাসীনতার মাশুল দিতে হতে পারে ভয়াবহ কোনো দুর্ঘটনার মাধ্যমে—যার দায় এড়ানোর সুযোগ থাকবে না কারও।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



