বিনোদন ডেস্ক : মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রজেক্ট হেইল মেরি’ ছবিটি দেখছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়ার সেলের শায়রুল কবির খানসহ একাধিক সদস্য।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমনও বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জিগাতলায় বিডিআর সীমান্ত সম্ভার হলে এসেছেন সিনেমা দেখতে। সঙ্গে মেয়ে জাইমা রহমান রয়েছেন।
তিনি বলেন, দেশীয় সংস্কৃতি ও সুস্থ ধারার বাংলা ছবিকে সব সময় উৎসাহ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সায়েন্স ফিকশন চলচ্চিত্রও দেখেন।
ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমাটি দেখতে এসেছিলেন। ৭টা ১০ মিনিটে সিনেমা শুরু হয়ে রাত ১০টায় প্রদর্শনী শেষ হয়। বেরিয়ে যাওয়ার সময় উৎসুক জনতা সেখানে ভিড় করেন।
প্রধানমন্ত্রী কয়েকজনের সঙ্গে হ্যান্ডশেক করেন এবং তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত সায়েন্স ফিকশন সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’ স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



