back to top

চট্টগ্রামে বস্তা ভর্তি চোলাইমদ নিয়ে সিএনজি চালক গ্রেপ্তার

প্রকাশিত: ২৬ জুন, ২০২৫ ০৭:৪১

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত অটোরিকশায় মদ পরিবহনের সময় প্লাস্টিকের বস্তা ভর্তি দেড়শ লিটার চোলাই মদসহ চালককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ জুন) দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কঞ্জুরী গ্রামের বাদুরতল এলাকা থেকে মদের বস্তাসহ তাকে গ্রেপ্তার করে বোয়ালখালী থানা পুলিশ। মদ পরিবহনে ব্যবহৃত অটোরিকশায় (চট্টগ্রাম-থ-১৫-১০৫৫)টিও জব্দ করা হয়।

গ্রেপ্তার অটো চালকের নাম মিজানুর রহমান (২৭)। সে একই উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জৈষ্ঠ্যপুরা গুচ্ছগ্রামের নুরা সওদাগর বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে বৃহস্পতিবার (২৬ জুন) সকালে আদালতে পাঠানো হয়েছে।