সারাদিনের ঘাম ঝরানো পরিশ্রম শেষে গাড়িটি বাড়ির উঠানে রেখে নিশ্চিন্তে ঘুমাতে গিয়েছিলেন আনোয়ারা উপজেলার শিলাইগড়া এলাকার সিএনজি অটোরিকশাচালক মফজল আহমদ।
কিন্তু গত ১১ জুলাই রাতের আঁধারে কে জানত-তার সেই জীবিকার একমাত্র সম্বলটির ওপর চোখ পড়েছে এক দুর্ধর্ষ আন্তঃজেলা চোরচক্রের!
পরদিন ১২ জুলাই ভোরে ঘুম থেকে উঠেই মফজলের চোখ কপালে ওঠে।
আরও পড়ুন
বাড়ির প্রধান গেট ও গাড়ির তালা ভাঙা, আর উঠানে নেই ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের লালিত স্বপ্নের অটোরিকশাটি।
চারদিকে খোঁজাখুঁজি করেও কোনো চিহ্ন না পেয়ে অবশেষে নিখোঁজ সিএনজিটি ফিরে পাওয়ার আশায় আনোয়ারা থানায় মামলা দায়ের করেন তিনি।
প্রযুক্তির ফাঁদে ধরা পড়ল চোরচক্র
মামলা দায়েরের পর থেকেই রহস্যের জট খুলতে মাঠে নামে আনোয়ারা থানা পুলিশ। ঘটনার আড়ালে থাকা চক্রটিকে চিহ্নিত করতে শুরু হয় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও গভীর অনুসন্ধান।
একের পর এক ডট মিলিয়ে পুলিশ পৌঁছায় এক দুর্ধর্ষ চোরচক্রের দরজায়।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ শেরশাহ কলোনি ও বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে পৃথক দুটি ঝটিকা অভিযান চালায় পুলিশ।
অভিযানের সফলতায় একে একে গ্রেফতার হয় আন্তঃজেলা সিএনজি চোরচক্রের মূলহোতা মো. এরশাদ (৩৮) এবং তার মূল সহযোগী মো. শামিম মাতব্বর তামিম (৩০)। এ সময় চুরির কাজে ব্যবহৃত চক্রের নিজস্ব একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মো. এরশাদ কোনো সাধারণ চোর নন, তিনি একটি সুসংগঠিত আন্তঃজেলা সিঁধেল চুরি ও সিএনজি ছিনতাই চক্রের নিয়ন্ত্রক।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, গ্রেফতার হওয়া এরশাদ একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে রাঙ্গামাটির কাউখালী এবং চট্টগ্রামের সীতাকুণ্ড, হাটহাজারী, রাউজান ও চান্দগাঁও থানাসহ বিভিন্ন থানায় সিঁধেল চুরি ও মাদক আইনে ৬টিরও বেশি মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় এ ধরনের অপরাধ সংঘটিত করে আসছিল।
ওসি জুনায়েত চৌধুরী আরও জানান, চোরচক্রের মূলহোতা গ্রেফতার হলেও অভিযান এখানেই থেমে নেই। চক্রের সাথে যুক্ত অন্যান্য অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
একই সঙ্গে মফজল আহমদের চুরি যাওয়া সিএনজি অটোরিকশাটি দ্রুত উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলমান।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

