সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ইটভাটায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোহাম্মদপুর ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত আরএনসি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. মোকছেদুল ইসলাম (৩৩)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর জয় বাংলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফরাজি পাড়ার বাসিন্দা লালমিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন মোকছেদুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।
পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



