দেশে চলমান জ্বালানি তেলের সংকট কিছুটা কাটাতে চলতি সপ্তাহে একাধিক জাহাজে বিপুল পরিমাণ ডিজেল ও জেট ফুয়েল আসছে।
গত সপ্তাহে ১ লাখ ১০ হাজার টন ডিজেল আমদানি হলেও, চলতি সপ্তাহেই আসছে মোট ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল এবং ৩২ হাজার টন জেট ফুয়েল।
সোমবার (২০ এপ্রিল) সকালেই ওমান থেকে ৩৫ হাজার টন এবং দুপুরে মালয়েশিয়া থেকে ৩৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে গোল্ডেন হরাইজন ও এফপিএমসি নামের দুটি জাহাজ।
একই দিনে বিকালে ভারত থেকে আরও ৩৩ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্যাসিফিক ইনডিগো।
জাহাজগুলোর লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইনের প্রতিনিধি নজরুল ইসলাম জানান, দেশের জ্বালানি পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ে তেল খালাসের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তার ভাষায়, আগে থেকেই লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে এবং জাহাজ ভিড়ার কয়েক ঘণ্টার মধ্যেই খালাস কার্যক্রম শুরু করা হচ্ছে।
তিনি আরও জানান, গত শুক্রবার ১ লাখ ৩৬ হাজার টন জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ বন্দরে আসে, যেগুলোর খালাস কার্যক্রম এখনো চলমান।
এর সঙ্গে আজ যুক্ত হচ্ছে আরও তিনটি জাহাজ, যেগুলো মোট ১.০১ লাখ টন জ্বালানি বহন করছে।
আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে জ্বালানি আসছে। আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ৩২ হাজার টন ডিজেল নিয়ে আসবে হাফনিয়া চিতা।
এরপর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ৩২ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়বে জিং টং ৭৯৯।
চট্টগ্রাম বন্দরে একসঙ্গে এত বড় পরিমাণ জ্বালানি আসায় সরবরাহ ব্যবস্থায় স্বস্তি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


