চট্টগ্রাম নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা স্টেশন রোড। প্রতিদিন হাজারো মানুষ ও অসংখ্য যানবাহনের চাপ সামলাতে হিমশিম খেতে হয় এই সড়ককে।
অথচ দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কের একাংশ দখল করে অবৈধভাবে মালামাল রাখার অভিযোগ রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি তীব্র যানজট সৃষ্টি হয়ে জনভোগান্তি চরমে পৌঁছেছে।
এ অবস্থায় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, জনস্বার্থবিরোধী এ ধরনের কার্যক্রম আর সহ্য করা হবে না।
মেয়র বলেন, “রাস্তা জনগণের সম্পদ। এটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত ব্যবহার্য জায়গা নয়। কেউ যদি নিজের সুবিধার জন্য সড়ক দখল করে মালামাল রাখে, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
তিনি আরও বলেন, স্টেশন রোডে দীর্ঘদিন ধরে চলমান এই অনিয়ম বন্ধে সিটি কর্পোরেশন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
সংশ্লিষ্টদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে মেয়র বলেন, ব্যবসা পরিচালনার জন্য নির্ধারিত সীমার বাইরে গিয়ে ফুটপাত বা সড়ক দখল করা আইনত অপরাধ।
“নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব। প্রয়োজনে জরিমানা ও উচ্ছেদ কার্যক্রম আরও জোরদার করা হবে,” বলেন তিনি।
নগর পরিকল্পনাবিদদের মতে, সড়ক ও ফুটপাত দখল শুধু যানজটই বাড়ায় না, এটি নগর ব্যবস্থাপনার ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে।
বিশেষ করে জরুরি যান চলাচল, যেমন অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি, বাধার মুখে পড়ে। ফলে জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে।
এ প্রেক্ষাপটে মেয়র ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন স্বপ্রণোদিত হয়ে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখেন। অন্যথায় সিটি কর্পোরেশন আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে সতর্ক করেছেন তিনি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, স্টেশন রোডসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে খুব শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে।
এই অভিযানের লক্ষ্য হবে অবৈধ দখল উচ্ছেদ করে সড়ককে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা এবং স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা।
নগরবাসীর প্রত্যাশা, ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ না থেকে কার্যকর উদ্যোগের মাধ্যমে বাস্তবেই দখলমুক্ত হবে স্টেশন রোডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক।
এখন দেখার বিষয়, মাঠপর্যায়ে অভিযানের কঠোরতা কতটা বাস্তবায়ন করতে পারে সিটি কর্পোরেশন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


