চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় নেওয়ার পথে আত্মসাৎ হওয়া ১৫৩টি কাপড়ের রোল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
উদ্ধার করা কাপড়ের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ ঘটনায় আবুল বাসার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৪ মে) নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব কাপড়ের রোল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশের কর্মকর্তা মো. জামির হোসেন।
পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে কলম্বিয়া অ্যাপারেলস লিমিটেডের আমদানিকৃত ১৬৩টি বিভিন্ন সাইজের কাপড়ের রোল চট্টগ্রাম বন্দর থেকে গাজীপুরে নেওয়ার জন্য পাঠানো হয়।
পথে কাভার্ডভ্যানটি হালিশহর থানার আব্বাসপাড়া টোলরোডের চিটাগাং ফিলিং স্টেশনে রাখা হয়।
এরপর দিবাগত রাত ৩টার দিকে কাভার্ডভ্যানটি গাজীপুরের উদ্দেশে রওনা দিলেও চালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা কাপড়ের রোলগুলো আত্মসাৎ করেন। এ ঘটনায় হালিশহর থানায় একটি মামলা দায়ের করা হয়।
মো. জামির হোসেন বলেন, ঘটনার পর ডিবি পুলিশ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নোয়াখালীর হাতিয়া থানার ১ নম্বর হরিণী ইউনিয়নের আজিমনগর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ৯৬টি কাপড়ের রোল উদ্ধার করা হয়।
পরে চর জব্বর থানার চর মজিদ ভুঁইয়ার হাট বাজার এলাকায় আরেকটি অভিযান চালিয়ে আরও ৬৭টি কাপড়ের রোল উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত আবুল বাসারকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



