চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকায় একটি অ্যাম্বুলেন্সে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চালক ও তাঁর সহযোগীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) বেলা দুইটার দিকে ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে একটি কালভার্টের ওপর এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চন্দনাইশ থানার দোহাজারী পৌরসভা আলীপাড়া ১ নম্বর ওয়ার্ডের মো. বাবলু খানের ছেলে অ্যাম্বুলেন্সচালক শহিদুল ইসলাম খান সাগর (২৭) এবং তাঁর সহযোগী দোহাজারী এলাকার সরকার পাড়া আহমদ কবির মেম্বারের বাড়ির মোহাম্মদ সৈয়দের ছেলে মো. আফসার (৩৩)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় অ্যাম্বুলেন্সচালক ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



