জরুরি বিভাগ চালু হলেও পূর্ণাঙ্গ সেবা থেকে দূরে রেলওয়ে জেনারেল হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ মে, ২০২৬ ১৯:০৭

চট্টগ্রাম নগরের রেলওয়ে জেনারেল হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার প্রায় এক বছর পর চালু হয়েছে জরুরি বিভাগ।

তবে এখনো চালু হয়নি অপারেশন থিয়েটার (ওটি)। পাশাপাশি ইনডোর সেবাও পুরোপুরি চালু করা যায়নি। রোগীরা সরকারি ওষুধপত্র পাচ্ছেন না, নেই সব রোগীর জন্য খাবারের ব্যবস্থাও।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. তুহিন বিনতে হালিম বুধবার বলেন, হাসপাতালের জরুরি বিভাগ চালু হয়েছে। কেবিনে রোগী ভর্তির ব্যবস্থাও রয়েছে।

আউটডোর ও জরুরি বিভাগ চালু থাকায় রোগীরা মোটামুটি ভালো সেবা পাচ্ছেন বলে দাবি করেন তিনি। তবে অপারেশন থিয়েটার এখনো চালু হয়নি বলে জানান এই কর্মকর্তা।

গত বছরের মে মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়ার পর হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

এরপর থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আউটডোর সেবা চালু রয়েছে। প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, রেলওয়ে জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটার চালু হওয়া জরুরি।

এ জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, ইক্যুইপমেন্ট ও ওষুধ দরকার। অপারেশন থিয়েটারসহ অন্যান্য বিভাগ ধাপে ধাপে চালুর নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, রোগীদের ওষুধ ও খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষও পৃথকভাবে এ বিষয়ে চিঠি দিয়েছে। মন্ত্রণালয় থেকে বরাদ্দ এলে ওষুধ ও খাবারের ব্যবস্থা করা হবে।

সিভিল সার্জন জানান, সরকারি হাসপাতালগুলোতে এসেনসিয়াল ড্রাগস কোম্পানির মাধ্যমে অত্যাবশ্যকীয় ওষুধ সরবরাহ করা হয়।

বর্তমানে শুধু রেলওয়ের নিজস্ব কর্মচারীরাই রেলওয়ের পক্ষ থেকে ওষুধ পাচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে অর্থোপেডিকস, গাইনি অ্যান্ড অবস, মেডিসিন, চর্ম ও যৌনরোগ, কার্ডিওলজি, ইএনটি, ডেন্টাল ও সার্জারি বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি