চট্টগ্রাম নগরের মধ্যম চাক্তাই এলাকায় মসলার আড়তে ভেজাল, নোংরা পরিবেশে প্যাকেটজাতকরণ এবং পোকাযুক্ত পণ্য বিক্রির মতো একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ অভিযান।
এসব অপরাধে মেসার্স নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে আরও দুটি প্রতিষ্ঠানকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (১০ মে) অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।
অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নবীন ট্রেডার্সে জিরা মসলার সঙ্গে কেরাওয়ে সিডস মিশিয়ে বাজারজাত করা হচ্ছিল।
শুধু তাই নয়, অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন ধরনের মসলা প্যাকেটজাত করা, পোকাযুক্ত নষ্ট মসলা বিক্রি এবং পোস্তগুঁড়ার সঙ্গে ভেজাল মিশিয়ে বিক্রির অভিযোগও প্রমাণিত হয়েছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, শিল্পে ব্যবহৃত রঙ খাদ্য হিসেবে বিক্রি এবং খাদ্যদ্রব্যে ক্ষতিকর নিষিদ্ধ কেমিক্যাল ‘হাইড্রোজ’ ব্যবহারের দায়ে মেসার্স গোপাল দাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে মেয়াদোত্তীর্ণ ঘি বিক্রির অপরাধে মেসার্স শাহ আমানত স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ভোক্তার স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে অধিদপ্তর।
জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



