অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মূলধারার অর্থনীতির বাইরে থাকা জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকার কাজ করছে।
তাঁর মতে, নাগরিক হিসেবে অর্থনৈতিক সুযোগ-সুবিধা পাওয়া সবার অধিকার। শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা জরুরি।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংক পরিচালিত যৌথ প্রকল্প ‘রেইজ’-এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরকার নির্ধারিত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হয়। নির্ধারিত শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
তিনি আরও বলেন, পিকেএসএফ দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে।
প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারণে কী ধরনের সহায়তা প্রয়োজন, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
অনুষ্ঠানে আগামী জাতীয় বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর ইঙ্গিত দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য ও শিক্ষা সেবা আরও সহজলভ্য করতে সরকার উদ্যোগ গ্রহণ করবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



