back to top

রাস্তায় নেপালের অর্থমন্ত্রীকে ফ্লায়িং কিক মারার ভিডিও ভাইরাল

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৯

নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে শুরু হওয়া জেনারেশন-জি (জেন-জি) তরুণদের বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করা প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এ ছাড়া অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউডেলকে প্রকাশ্য রাস্তায় ধাওয়া দিয়ে মারধর করা হয়েছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, যেখানে দেখা যায় অর্থমন্ত্রীকে শতাধিক বিক্ষোভকারী ধাওয়া করছেন এবং একজন তরুণ তাকে লাথি মারছেন।

গতকাল সোমবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক।

সহিংসতার চাপে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হয়। তবে প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও বিক্ষোভ থামেনি—বিক্ষোভকারীরা এখন পুরো সরকারের পদত্যাগ দাবি করছেন।

কাঠমান্ডু পুলিশের মুখপাত্র শেখর খানাল ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, মঙ্গলবার বহু গোষ্ঠী কারফিউ উপেক্ষা করে রাস্তায় নামে। বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী অর্থমন্ত্রী পাউডেল রাস্তায় দৌড়চ্ছেন, পেছনে ছুটছেন শতাধিক বিক্ষোভকারী। হঠাৎ সামনে থেকে এক তরুণ লাফিয়ে এসে তাকে লাথি মারেন।

পাউডেল লাল রঙের একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। তবে সঙ্গে সঙ্গেই উঠে আবার দৌড়াতে থাকেন। এরপর ভিডিওটি শেষ হয়।

বিক্ষোভের সূত্রপাত হয় সোমবার, যখন তরুণরা দুর্নীতি ও মতপ্রকাশের স্বাধীনতা সংকোচনের বিরুদ্ধে রাস্তায় নামে। পুলিশের সঙ্গে সংঘর্ষেই ওইদিন ১৯ জন নিহত হন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। সূত্র: ইকোনমিক টাইমস