চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (২৬ মে) ভোর পাঁচটার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দ নগরের জব্বার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন জহির আহমেদ, মো. ইদ্রিস, মো. নাছির, জসিম উদ্দিন ও মো. রাশেদ। তাঁদের বসতঘর আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্তরা জানান, ভোরে সবাই ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে প্রায় ১০ লাখ টাকার সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, আগুনে একটি সেমিপাকা ও চারটি টিনশেড বসতঘর পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



