back to top

দেশের জন্য গুরুত্বপূর্ণ সফর’ আটকালো কারা? ফেসবুকে প্রশ্ন তুললেন মেয়র

প্রকাশিত: ০২ জুন, ২০২৬ ১৪:২৭

ভ্যালেন্ট বায়োসায়েন্সেসের কারখানা ও গবেষণাগার পরিদর্শনে আমন্ত্রণ পেয়েছিল চসিকের ৫ সদস্যের প্রতিনিধিদল; অনুমোদন না মেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন মশক নিধনসংক্রান্ত প্রযুক্তি পরিদর্শনে যুক্তরাষ্ট্র সফরের অনুমোদন না পাওয়ার ঘটনায় একটি ‘স্বার্থান্বেষী মহলের’ ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।

তার দাবি, প্রস্তাবিত সফর সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে, যার ফলে দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত সফরটি অনিশ্চয়তার মুখে পড়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মেয়র এ অভিযোগ করেন।

তিনি জানান, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত চসিক এলাকায় মার্কিন প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির মশার লার্ভা নিধনে ব্যবহৃত জৈবিক রাসায়নিক প্রয়োগ করা হয়।

মাঠপর্যায়ে ইতিবাচক ফলাফলের ভিত্তিতে প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশে যৌথ উদ্যোগে একটি উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।

মেয়র শাহাদাতের ভাষ্য অনুযায়ী, ওই সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবে ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি তার নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডায় অবস্থিত কারখানা ও গবেষণাগার পরিদর্শনের আমন্ত্রণ জানায়। সফরের সম্পূর্ণ ব্যয়ও প্রতিষ্ঠানটির বহনের কথা ছিল।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “সব প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ সফর সম্পর্কে সম্পূর্ণ ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। ফলে দেশের জন্য গুরুত্বপূর্ণ এই সফরটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।”

মেয়রের দাবি, বাংলাদেশে এ ধরনের উৎপাদন কারখানা স্থাপিত হলে মশার লার্ভা নিধনের প্রয়োজনীয় রাসায়নিক দেশেই উৎপাদন করা সম্ভব হবে।

এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

এর আগে মেয়রসহ কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাব সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। তবে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান ওই সফরের অনুমোদন দেননি।

অনুমোদন না দিয়ে নোটে তিনি লিখেছেন, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই।

দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”

প্রধানমন্ত্রীর এ মন্তব্য ও সফর বাতিলের সিদ্ধান্ত সোমবার সন্ধ্যা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরে ঠিকাদার বা বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়ন নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও সমালোচনার প্রেক্ষাপটে অনেকেই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানান।

চট্টগ্রাম সিটি করপোরেশনের তথ্যমতে, মশা নিয়ন্ত্রণ কার্যক্রম সংশ্লিষ্ট প্রযুক্তি ও উৎপাদনব্যবস্থা পরিদর্শনের উদ্দেশ্যে মেয়রসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডা সফরের পরিকল্পনা ছিল।

তবে অনুমোদন না পাওয়ায় সফরটি আপাতত স্থগিত হয়ে গেছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি