চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও গতিশীল করা এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা অখালাসকৃত পণ্য দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বড় পরিসরের নিলাম আয়োজন করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বন্দরের জায়গা সংকট ও কনটেইনার জট কমানোর উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন ধরনের পণ্যভর্তি ১০২টি কনটেইনার অনলাইন নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এসব পণ্যের জন্য কোনো সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়নি।
চট্টগ্রাম বন্দরে জমে থাকা ১০২ কনটেইনার পণ্য নিলামে বিক্রি করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এ জন্য অনলাইনে দরপত্র আহ্বান করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের কর্ম উপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, কনটেইনার জট নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধের লক্ষ্যে কাস্টমস হাউস নিয়মিতভাবে অখালাসকৃত ও নিলামযোগ্য বিভিন্ন পণ্য নিষ্পত্তির জন্য নিলাম আয়োজন করে আসছে।
এরই ধারাবাহিকতায় চলতি মাসে ১০২ কনটেইনার পণ্য অনলাইন নিলাম পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
নিলামে অন্তর্ভুক্ত কনটেইনারগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের ক্যামিকেল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, কাগজ, ফ্রিজার, জেনারেটর, লাইম স্টোন, ফেব্রিক্স, ট্রান্সফরমার, কোয়ার্টজ পাউডার এবং গৃহস্থালি পণ্য।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এসব পণ্য চালানের নিলামে কোনো সংরক্ষিত মূল্য থাকছে না।
কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে পুরো নিলাম কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে।
নিলামকে আরও প্রতিযোগিতামূলক করতে আগ্রহী বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে। পরিদর্শন শেষে তারা অনলাইনে বিড করতে পারবেন।
আগ্রহী ক্রেতারা বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধনের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন।
তবে অনলাইনে আবেদন করার পাশাপাশি জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় আনুষঙ্গিক কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে।
কাস্টমস সূত্র জানায়, সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর প্রযোজ্য শর্ত পরিপালন সাপেক্ষে নিলামে ক্রয় করা পণ্য খালাস করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ জুন সকাল ১১টায় দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে। নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ কাস্টমসের ই-অকশন পোর্টালে পাওয়া যাবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



