back to top

ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া, মারা গেলেন প্রখ্যাত পরিচালক ভারতীরাজা

প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ০৯:৪৮

ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের জন্য এ এক গভীর শোকের সংবাদ। তামিল চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ও প্রখ্যাত পরিচালক ভারতীরাজা আর নেই।

আজ ১০ জুন বুধবার চেন্নাইয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শিল্পী, চলচ্চিত্রপ্রেমী ও ভক্তরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছেন এই গুণী নির্মাতাকে, যিনি তামিল সিনেমার ভাষা ও নির্মাণধারায় যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন।

তামিল সিনেমার ইতিহাসে ভারতীরাজাকে অন্যতম পথপ্রদর্শক ও রূপান্তরকারী নির্মাতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি স্টুডিওনির্ভর চলচ্চিত্র নির্মাণের প্রচলিত ধারা ভেঙে সিনেমাকে গ্রামীণ বাস্তবতার কাছাকাছি নিয়ে আসেন।

তার চলচ্চিত্রে গ্রামের জীবন, মানুষের আবেগ ও বাস্তবতাকে নতুনভাবে তুলে ধরা হয়, যা তামিল সিনেমায় এক নতুন যুগের সূচনা করেছিল।

চলচ্চিত্রের শুরুতে তার নিজস্ব কণ্ঠে বলা বিখ্যাত সংলাপ ‘ইয়েঁ ইনিয়া তামিল মাক্কালে’ (আমার প্রিয় তামিল জনগণ) দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে এই সম্ভাষণ আজও বিশেষ আবেগের জায়গা দখল করে আছে।

চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘ইয়াক্কুনার ইমায়াম’ বা ‘পরিচালকদের মধ্যে শিখর’ উপাধিতে ভূষিত হন। প্রায় পাঁচ দশকের দীর্ঘ কর্মজীবনে ভারতীরাজা অর্জন করেন অসংখ্য সম্মাননা।

তার ঝুলিতে রয়েছে ৬টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৪টি ফিল্মফেয়ার (দক্ষিণ) পুরস্কার, ৬টি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং একটি নন্দী পুরস্কার।

এছাড়া ২০০৪ সালে তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী লাভ করেন।

শুধু একজন সফল নির্মাতাই নন, নতুন প্রতিভা আবিষ্কার ও প্রতিষ্ঠার ক্ষেত্রেও ভারতীরাজার অবদান ছিল অনন্য। তার হাত ধরেই চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পান রাধিকা, রেবতী, রাধা, রঞ্জিতা ও রেখার মতো জনপ্রিয় অভিনেত্রীরা।

এছাড়া কার্তিক, পান্ডিয়ান, চন্দ্রশেখর, নেপোলিয়ন এবং জনকরাজের মতো অভিনেতারাও তার মাধ্যমেই চলচ্চিত্রে আসেন এবং পরবর্তীতে তারকাখ্যাতি অর্জন করেন।

ভারতীরাজার প্রয়াণে চলচ্চিত্র জগতের বিভিন্ন মহল থেকে শোক ও শ্রদ্ধা জানানো হচ্ছে। তার সৃষ্টিশীল কাজ, গ্রামীণ জীবনকে পর্দায় তুলে ধরার সাহসী দৃষ্টিভঙ্গি এবং চলচ্চিত্র ভাষায় আনা বৈপ্লবিক পরিবর্তন তাকে ভারতীয় সিনেমার ইতিহাসে চিরস্মরণীয় করে রাখবে।

একজন নির্মাতার মৃত্যু হলেও তার সৃষ্টি, দর্শন ও অবদান বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। ভারতীরাজার বিদায়ে শোকাহত সমগ্র ভারতীয় চলচ্চিত্র পরিবার। সূত্র: দ্য হিন্দু