ভাইটা ড্রেনে পড়ে গেল, অথচ এখনো হদিস মিলল না!

অপেক্ষায় কাঁদছে পরিবার!

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১৮:০২

চট্টগ্রাম নগরের অলংকার মোড় এলাকার একটি পুরোনো, ময়লা-আবর্জনায় ঠাসা নালা (ড্রেন)। তার পাশেই ঠায় দাঁড়িয়ে আছেন এক যুবক। চোখে-মুখে উৎকণ্ঠা আর জলছাপ। তিনি জাকির হোসেন রনি।

গত ১৯ ঘণ্টা ধরে তাঁর ছোট ভাই অনিকের কোনো খোঁজ নেই। রোববার থেকে শুরু হওয়া ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সোমবার দুপুরেও যখন ব্যর্থ, তখন রনির কণ্ঠ স্তিমিত, “ভাইটা ড্রেনে পড়ে গেল, অথচ এখনো হদিস মিলল না!”

আজ সোমবার (১৩ জুলাই) বেলা ১২টার দিকে নিখোঁজ অনিকের বড় ভাই জাকির হোসেন রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরিও (জিডি) করা হয়েছে।

১৯ ঘণ্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা থেকে নগরের আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও ফায়ার সার্ভিস একযোগে অলংকার মোড়ের ওই গভীর ও আবর্জনাযুক্ত ড্রেনটিতে তল্লাশি চালাচ্ছে।

তবে ড্রেনের তলদেশে জমে থাকা বছরের পুরোনো শক্ত বর্জ্য এবং পলিথিনের স্তূপের কারণে উদ্ধারকারীদের বেগ পেতে হচ্ছে। ১৯ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো অনিকের কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় বাসিন্দা ও নিখোঁজের পরিবারের দাবি, গত রোববার (১২ জুলাই) অলংকার মোড়ে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল আলী নগর এলাকার ওই নালাটিতে পড়ে গিয়ে নিখোঁজ হন অনিক।

ড্রেনটি দীর্ঘদিন ধরে উন্মুক্ত এবং আবর্জনায় পরিপূর্ণ থাকায় কেউ পড়ে গেলে সহজে উদ্ধার করা কঠিন বলে জানান স্থানীয়রা।

উদ্ধার কাজে নিয়োজিত চসিক ও ফায়ার সার্ভিস প্রতিনিধিরা জানালেন,“আমরা সকাল থেকে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে কাজ করছি। ড্রেনের আবর্জনা অপসারণ করে নিখোঁজ যুবকের সন্ধানে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।”

অনিকের নিখোঁজ হওয়ার পেছনে কেবল দুর্ঘটনাই নাকি অন্য কোনো রহস্য রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নিখোঁজের দুই দিন আগে, গত শুক্রবার (১০ জুলাই) ড্রেনটির আশেপাশের একটি দোকান থেকে সংগৃহীত সিসিটিভি ফুটেজে একটি অদ্ভুত দৃশ্য দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, নিখোঁজ অনিক স্বেচ্ছায় ড্রেনটিতে নামার চেষ্টা করছেন।

পরিবারের দাবি, মূলত শুক্রবারের পর থেকেই অনিকের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আর রোববার অলংকার মোড়ের ওই আব্দুল আলী নগর এলাকার নালাতেই তিনি পড়ে গেছেন বলে স্থানীয়রা জোরালো দাবি তোলেন।

নিরাপত্তা নিয়ে ক্ষোভ, কাটেনি শঙ্কা নগরের ব্যস্ততম অলংকার মোড় এলাকার এই উন্মুক্ত নালাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। ময়লা-আবর্জনায় ভরা এই ড্রেনটি যেন এখন এক মরণফাঁদ।

নিখোঁজ অনিকের সন্ধানে ড্রেনের পাড়ে ভিড় জমিয়েছেন শত শত উৎসুক মানুষ। সময় যত গড়াচ্ছে, অনিকের বেঁচে থাকার আশা তত ক্ষীণ হচ্ছে, তবে অলংকার মোড়ের বাতাস ভারী হয়ে উঠছে নিখোঁজ যুবকের পরিবারের কান্নায়।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা জানিয়েছেন, সন্ধান না পাওয়া পর্যন্ত তাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি