রথের রশিতে টান, মুজাফরাবাদে উৎসবের আহ্বান: ১৬ জুলাই বর্ণাঢ্য রথযাত্রা

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ২০:২৪

পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী মুজাফরাবাদ গ্রামে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

প্রতিবারের মতো এবারও গ্রামের সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক সংগঠন ‘পল্লী উন্নয়ন সংস্থা’ র উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ব্যতিক্রমী ধর্মীয় আমেজে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে থাকছে অধিবাস পূজা ও কীর্তন, গীতা পাঠ ও নাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, রথযাত্রার শুভ উদ্বোধন অনুষ্ঠান এবং রথ র‍্যালি সহকারে ঐতিহ্যবাহী গ্রাম পরিক্রমা।

রথের রশিতে টান দিয়ে জগন্নাথ দেবের কৃপালাভের আশায় ইতিমধ্যে মুজাফরাবাদ ও এর আশপাশের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

এবারের উৎসবকে ঘিরে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য ধর্মীয় আলোচনা সভার।

এতে আশির্বাদক হিসেবে উপস্থিত থেকে ভক্তদের ধন্য করবেন চন্দনাইশ লোকনাথধাম ও রামঠাকুর সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ অজপানন্দ ব্রম্মচারী

উৎসবের শুভ উদ্বোধন করবেন বাগিশীক চট্টগ্রাম মহানগরের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক বাবু বনগোপাল চৌধুরী

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার মাহাত্ম্য তুলে ধরবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ও মুজাফরাবাদ বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সভাপতি ড. তাপসী ঘোষ রায়

এছাড়া মহান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের আনন্দ ভাগ করে নেবেন ১৭ নং খরনা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব মফজল আহমেদ চৌধুরী

অনুষ্ঠানে গ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।

আয়োজনকে সর্বাঙ্গীন সুন্দর, সুশৃঙ্খল ও সফল করতে সর্বস্তরের জনগণের উপস্থিতি, আন্তরিক সহযোগিতা ও সুহৃদয় সমর্থন কামনা করেছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন পরিষদ ২০২৬-এর সভাপতি নিউটন বিশ্বাস ও সাধারণ সম্পাদক সুমন দেব

উৎসব সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে গঠিত হয়েছে একটি শক্তিশালী উদযাপন পরিষদ। রথযাত্রা উৎসব উদযাপন পরিষদ-২০২৬-এর দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি: রতন দত্ত ও সঞ্জয় বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন নন্দি ও রূপন ঘোষ, অর্থ সম্পাদক টিকলু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জয় বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক মিশন দত্ত সপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রণয় বিশ্বাস বাপ্পা এবং কার্যকরী সদস্য যাদব বিশ্বাস, রোমেন শীল ও শয়ন বিশ্বাস।

আয়োজকেরা জানান, রথযাত্রা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি মানবপ্রেম, সাম্য ও মিলনের এক মহা উৎসব।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মুজাফরাবাদ গ্রামের এই উৎসব বরাবরের মতোই সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে সকলের প্রত্যাশা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি