মহাসড়কে বাসের অপেক্ষা, অতঃপর ইয়াবাসহ পুলিশের খাঁচায় মাদক কারবারি

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৬:২৩

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে দুই হাজার ৮০৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি এবং বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তরা বাসস্ট্যান্ড এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়।

সেখানে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন মো. সোহেল আকন (৩৮) নামের এক ব্যক্তি।

গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ হাজার ৮০৫ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেপ্তার হওয়া সোহেল মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা।

মাদক উদ্ধারের এই ঘটনার পর সোহেল আকনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, এই অভিযানের ঠিক কিছু সময় পর রাত সাড়ে ৮টার দিকে করেরহাট বাজার এলাকায় আরেকটি সফল অভিযান চালায় পুলিশ।

সেখান থেকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি কামাল উদ্দিন (৩২)কে গ্রেপ্তার করা হয়। তিনি জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের আমলীঘাট এলাকার বাসিন্দা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম এই জোড়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

অপরাধীদের দমনে আমাদের এই তৎপরতা চলমান থাকবে। গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ইতিমধ্যেই আদালতে পাঠানো হয়েছে।”

মিরসরাইয়ে পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

তারা মনে করছেন, মহাসড়ক কেন্দ্রিক মাদকের এই রুট বন্ধ করতে পুলিশের এমন কঠোর নজরদারি নিয়মিত বজায় রাখা প্রয়োজন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি