চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সমুদ্র উপকূলীয় এলাকায় মধ্যরাতে এক সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ, নিষিদ্ধ জাল এবং একটি অবৈধ বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এ সময় বোটটিতে থাকা ১৩ জন জেলেকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বাঁশখালী উপজেলার শেখেরখীল মাছঘাটসংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালীর একটি বিশেষ দল এ অভিযানে অংশ নেয়।
আজ বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড জানায়, সমুদ্রের মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ ট্রলিং বোটটি শেখেরখীল মাছঘাট এলাকায় অবস্থান করছে,এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।
মাঝরাতের আঁধারে কোস্ট গার্ডের আকস্মিক উপস্থিতিতে বোটটি পালানোর সুযোগ পায়নি।
ঘটনাস্থল থেকেই ২ হাজার ১০০ কেজি সামুদ্রিক মাছ ও সাড়ে ৮ লাখ টাকা মূল্যের জালসহ ১৩ জন জেলেকে হাতেনাতে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জব্দকৃত ট্রলিং বোট, জাল, মাছ এবং আটককৃত জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
অভিযানের বিষয়ে জানতে চাইলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ আমাদের জাতীয় সম্পদ।
এই সম্পদ সংরক্ষণ এবং সমুদ্রে যেকোনো ধরনের অবৈধ ট্রলিং প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা তৎপর। আমাদের এই নিয়মিত ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, নিষিদ্ধ জালের ব্যবহার ও অবৈধ ট্রলিংয়ের কারণে সাগরের ইকোসিস্টেম এবং মৎস্য প্রজনন মারাত্মক হুমকির মুখে পড়ছে।
কোস্ট গার্ডের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ জেলেরা।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

