সরকারি ভবনের ছাদ থেকে পরিচ্ছন্নতার লড়াই শুরু, নজরদারিতে জেলা প্রশাসন

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ১৯:৩৯

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে এবার সরকারি ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ।

আগামী ২৫ জুলাই জেলার সব সরকারি দপ্তর এবং সরকারি আবাসিক ভবনের ছাদে একযোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

একই সঙ্গে কর্মসূচিতে ভালো পারফরম্যান্স দেখানো দপ্তরকে পুরস্কৃত করা হবে। অন্যদিকে অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে সরকারি বাসা বরাদ্দ বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এ ঘোষণা দেন জেলা প্রশাসক।

সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন।

এতে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান এবং জেলার সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা একদিনের কাজ নয়।

এর জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের কর্মস্থল ও সরকারি আবাসন থেকেই পরিচ্ছন্নতার চর্চা শুরু করতে হবে।

তিনি বলেন, আগামী ২৫ জুলাইয়ের ছাদ পরিষ্কার কর্মসূচি আমরা উৎসবমুখর পরিবেশে পালন করতে চাই। জেলা, উপজেলা এবং অধীনস্থ সব দপ্তরে এটি বাস্তবায়ন করতে হবে। সারা দেশে যেন বোঝা যায়, চট্টগ্রাম পরিচ্ছন্নতা ও সচেতনতার একটি উদাহরণ সৃষ্টি করেছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জেলা প্রশাসক আরও বলেন, নিজের অফিস, নিজের বাসা থেকেই পরিচ্ছন্নতা শুরু করুন। এই দেশ আমাদের, এই মাটির সন্তান আমরা। নগরটিকে বাসযোগ্য করার দায়িত্বও আমাদের সবার।

কর্মসূচিকে কার্যকর ও স্বচ্ছ করতে প্রতিটি দপ্তরকে পরিচ্ছন্নতা কার্যক্রমের আগে ও পরে ছবি এবং ভিডিও জেলা প্রশাসনের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এসব তথ্য-উপাত্ত মূল্যায়ন করে আগামী জেলা উন্নয়ন সমন্বয় সভায় সেরা উদ্যোগ গ্রহণকারী দপ্তরগুলোকে পুরস্কৃত করা হবে।

সভায় সরকারি আবাসনের ছাদবাগান নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন জেলা প্রশাসক।

তিনি বলেন, ছাদবাগান নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। তবে পরিচর্যার অভাবে যদি নিচতলার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হন কিংবা পানি চুইয়ে পড়ে জনভোগান্তি সৃষ্টি হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে স্পষ্ট ভাষায় বলেন, পরিষ্কার বার্তা দিয়ে দিন। নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সরকারি বাসা বরাদ্দও বাতিল করা হবে।

জেলা প্রশাসক আরও বলেন, সরকারের লক্ষ্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা।

সেই লক্ষ্য বাস্তবায়নে সরকারি অফিস, সরকারি আবাসন এবং জনপরিসরে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই।

সভা শেষে জেলার সব সরকারি দপ্তর এবং উপজেলা প্রশাসনকে আগামী ২৫ জুলাইয়ের বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক তদারকি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

সরকারি ভবনের ছাদ থেকে শুরু হওয়া এই উদ্যোগ চট্টগ্রামে পরিচ্ছন্নতা ও নাগরিক সচেতনতার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে-এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি