চট্টগ্রামের পটিয়া পৌর সদরের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘটে গেল এক আকস্মিক ঘটনা। ভোরের আলো ফুটতেই ঝটিকা গতিতে মুখ ঢেকে রাজপথে হাজির হলো একদল যুবক। মুহূর্তের মধ্যেই স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠল পটিয়ার পোস্ট অফিস এলাকা।
বুধবার (২৯ জুলাই) একদম ভোরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঝটিকা মিছিল বের করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের আলো ফোটার পরপরই পোস্ট অফিস এলাকায় ৮ থেকে ১০ জন যুবক মুখে মাস্ক ও কাপড়ের মুখোশ এঁটে হঠাৎ মহাসড়কে নেমে পড়ে।
মিছিলটির মূল নেতৃত্বে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের পটিয়া পৌরসভার সংগঠক হিসেবে পরিচিত পার্থ দাশ। মুখে ছিল একের পর এক রাজনৈতিক স্লোগান।
মিছিলে তারা-শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে-টুঙ্গিপাড়ার শেখ মুজিব, লও লও লও সালাম। ইত্যাদি স্লোগান দিয়ে পুরো এলাকায় সাময়িক চাঞ্চল্য সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ মানুষ কিছু বুঝে ওঠার আগেই মুখোশ পরা যুবকরা স্লোগান দিতে দিতে সড়ক প্রদক্ষিণ করে।
তবে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হওয়ার আগেই তারা দ্রুত স্থান ত্যাগ করে চম্পট দেয়। ঝটিকা মিছিলটি কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ভোরের দিকে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু সদস্য মুখোশ পরে একটি ঝটিকা মিছিল করেছে বলে আমরা জানতে পেরেছি।
মিছিলে অংশ নেওয়া প্রত্যেকের মুখ ঢাকা ছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।
জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

