বাড়ি ফেরা হলো না খতিব ও মুয়াজ্জিনের: শোকে স্তব্ধ মিরসরাই

প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬ ১৮:০২

যে আলেম মিম্বরে দাঁড়িয়ে শান্তির কথা শোনাতেন, আর যে কণ্ঠের আজানে প্রতিদিন ঘুম ভাঙত বিশ্বাসীদের-সেই দুজন মানুষই আজ একসাথে পাড়ি জমালেন না-ফেরার দেশে।

মৃত্যুর হিমশীতল স্পর্শও আলাদা করতে পারল না এক মসজিদের খতিব ও মুয়াজ্জিনকে।

রোববার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরাতন ডিটি সড়কে ঘটে যায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা।

একটি অনিয়ন্ত্রিত মাছবাহী পিকআপের মুখোমুখি ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওই দুই আলেমের জীবনপ্রদীপ নিমেষেই নিভে যায়।

নিহতরা হলেন, উপজেলার মঘাদিয়া ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৫)। তিনি ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ওলামা দলের সভাপতি এবং দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব ছিলেন।

নিহত অপরজন একই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২)। তিনি ওই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, জরুরি একটি কাজ শেষ করে জয়নাল আবেদিন ও জহির উদ্দিন একসাথে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে চৌধুরীহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ও দ্রুতগতির মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার তীব্রতায় দুজনই সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাফায়াত হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে আমাদের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি পরিবার ও পুলিশকে অবহিত করেছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ হাসপাতালে পৌঁছায়। নিহতদের মরদেহের সুরতহাল তৈরি সহ অন্যান্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

একই মসজিদের খতিব ও মুয়াজ্জিনের এমন আকস্মিক ও করুণ বিদায়ে মঘাদিয়া ও ইছাখালী ইউনিয়নসহ পুরো মিরসরাইজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। চিরচেনা দুটো মানুষের এমন চলে যাওয়া যেন মেনে নিতে পারছেন না স্থানীয় মুসল্লি ও স্বজনরা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি