খেলার মাঠই শেখায় শৃঙ্খলা ও একতা-পার্কভিউ এমডি ডা. রেজাউল করিম

জমকালো আয়োজনে শেষ হলো প্রেসক্লাব ফুটবল

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ১৮:২৭

দৈনন্দিন পেশাগত ব্যস্ততা, খবরের পেছনে ছোটাছুটি আর সংবাদের ডেডলাইনের মানসিক চাপকে ক্ষণিকের জন্য দূরে ঠেলে মাঠের সবুজ ঘাসে বুট পায়ে নেমেছিলেন বন্দরনগরীর সাংবাদিকরা।

সংবাদ তুলে ধরার মানুষগুলোই যখন মাঠের খেলোয়াড়, তখন উত্তেজনা ও আনন্দের মাত্রা যে ভিন্ন উচ্চতায় পৌঁছাবে-তা বলাই বাহুল্য!

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ ও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল পর্বের মহারণে মুখোমুখি হয় প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া দল। বাঁশি বাজার পর থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে মাঠের লড়াই।

পেশাগত জায়গায় তথ্যের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও, চাটগাঁর জেলা স্টেডিয়ামের পুরো আবহজুড়ে ছড়িয়ে পড়েছিল পারস্পরিক সৌহার্দ্য, ক্রীড়াসুলভ মনোভাব এবং চাটগাঁর সাংবাদিক সমাজের এক অনন্য ঐক্যের ছবি।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পার্কভিউ হসপিটাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এটিএম রেজাউল করিম বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, এটি পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাংবাদিক সমাজের এমন ক্রীড়া আয়োজন তাঁদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি সুস্থ ও ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে সহায়কের ভূমিকা রাখবে। পার্কভিউ হসপিটাল সবসময় স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত।

পুরস্কার বিতরণী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ সাজ্জাদুল কবির রনি এবং সিজেকেএস (CJKS) অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।

সমাপনী এ আয়োজনে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) চট্টগ্রাম বিভাগের ব্যুরো প্রধান শাহনেওয়াজ।

ম্যাচ শেষে অতিথিবৃন্দ মাঠের বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি, মেডেল ও অন্যান্য সম্মাননা তুলে দেন। আনন্দঘন এই ক্ষণে পুরো স্টেডিয়ামে হাততালি আর উল্লাসের জোয়ার বয়ে যায়।

চট্টগ্রামের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, অভিজ্ঞ ক্রীড়া সংগঠক, তরুণ সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও মহিমান্বিত করে তোলে।

খেলা শেষে জয়-পরাজয়ের হিসেব ছাপিয়ে সবার হাসিমুখে ফুটে ওঠে একটাই বার্তা-পেশাগত লড়াই যেখানেই থাকুক, মাঠের খেলা আর একতার মঞ্চে আমরা সবাই বিজয়ী!

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি