তৃণমূলের চিকিৎসকদের হাতে-কলমে জীবনের পাঠ দিল পার্কভিউ হাসপাতাল

স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পদক্ষেপ

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬ ২৩:৩০

দেশের প্রান্তিক ও তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় যারা দিনরাত প্রথম সারিতে থেকে সেবা দিয়ে যাচ্ছেন, সেই পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আধুনিক চিকিৎসাবিজ্ঞানের ছোঁয়া পৌঁছে দিতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে পার্কভিউ হাসপাতাল লিমিটেড।

হাসপাতালের নিজস্ব কনফারেন্স হলে আয়োজিত দিনব্যাপী এক তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালায় উঠে আসে প্রান্তিক স্বাস্থ্যসেবার গুণগত মানোন্নয়নে একের পর এক সময়োপযোগী দিকনির্দেশনা।

অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় প্রশিক্ষণ ও দিকনির্দেশনা

কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম।

প্রশিক্ষক হিসেবে আরও অভিজ্ঞতা শেয়ার করেন, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম. এম. আলম সাদী, ব্লাড ব্যাংক ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. তানজিলা তাবিব চৌধুরী, ইমার্জেন্সি অ্যান্ড অ্যাক্সিডেন্ট বিভাগের ইনচার্জ ডা. এনামুল কবির তানভীর, এবং সিনিয়র স্টাফ নার্স মেহেদী হাসান মুরাদ ও শ্রাবন্তী দে।

জরুরি চিকিৎসা থেকে আধুনিক টেকনিক: যা ছিল প্রশিক্ষণে

দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় Advanced Trauma Life Support (ATLS), ‘বুকে ব্যথা মানেই কি হার্টের ব্যথা?-প্রাথমিক করণীয়, রক্ত পরিসঞ্চালনের ক্ষেত্রে সাধারণ ত্রুটি ও প্রতিকার, সাধারণ রোগে ওষুধের যৌক্তিক ব্যবহার, হ্যান্ড ওয়াশিংয়ের গুরুত্ব, নেবুলাইজার, ইনহেলার ও অক্সিজেন ডিভাইসের সঠিক ব্যবহার, প্যারেন্টেরাল প্রসিডিউর ও অ্যাসেপটিক টেকনিক, এবং প্রোফাইল্যাক্সিস ও নন-ফার্মাকোলজিক্যাল পরামর্শ বিষয়ে বিস্তারিত তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পল্লী চিকিৎসক সমবায় সমিতির সভাপতি মাওলানা রফিকউল্লাহ এবং বর্তমান সভাপতি পল্লী চিকিৎসক নাসির।

বক্তারা জোর দিয়ে বলেন, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবায় পল্লী চিকিৎসকরা সর্বদাই অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছেন। তাঁদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে যদি আধুনিক চিকিৎসাবিজ্ঞান, সঠিক রোগ নির্ণয় ও প্রাথমিক ব্যবস্থাপনায় দক্ষ করে তোলা যায়, তবে সাধারণ মানুষ আরও নিরাপদ ও মানসম্মত চিকিৎসা পাবেন।

পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রত্যয় ব্যক্ত করে জানানো হয়, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই প্রয়াস অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।

পার্কভিউ হাসপাতাল লিমিটেডের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড বিভাগের ম্যানেজার জাহেদুল ইসলাম এর প্রাণবন্ত সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন এলাকা থেকে আগত বহু পল্লী চিকিৎসক অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উপস্থিত চিকিৎসকদের মধ্যে ছিলেন-পল্লী চিকিৎসক রাশেদুল মনোয়ার, মাহমুদুল হাসান, মামুনুর রশিদ, মুহসিন, মুহিউদ্দিন, বাবলু, এরশাদ এবং লিটন কুমার শর্মাসহ অনেকে।

পুরো আয়োজনটি সুচারুভাবে বাস্তবায়ন, সমন্বয় ও সার্বিক সহযোগিতায় ছিলেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের মার্কেটিং বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ আব্দুস সোবহান, রাজ্জাকুল হায়দার এবং কর্পোরেট অফিসার হেলাল পারভেজ।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি