বাইরে ঝকঝকে আলোকসজ্জা আর মুখরোচক খাবারের লোভনীয় সুবাস, কিন্তু ভেতরের রান্নাঘরের দৃশ্য একেবারেই ভিন্ন!
স্বাস্থ্যকর খাবারের নামে নাগরিকদের পরিবেশন করা হচ্ছিল পোড়া তেলে ভাজা ও বাসি খাবার।
অবশেষে পতেঙ্গার এমন তিনটি জনপ্রিয় রেস্তোরাঁর অসাধু কারবার ধরে ফেলল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) পতেঙ্গা এলাকায় পরিচালিত এক ঝটিকা অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সবচেয়ে বড় ধাক্কা খায় ‘হোটেল পতেঙ্গা’। রেস্তোরাঁটিতে বার বার পোড়া তেল ব্যবহার করে নতুন খাবার তৈরি হচ্ছিল।
শুধু তা-ই নয়, ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গেই কোনো স্বাস্থ্যবিধি না মেনে রেখে দেওয়া হয়েছিল বাসি গ্রিল!
চরম নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির এসব অপরাধ হাতেনাতে ধরা পড়ায় প্রতিষ্ঠানটিকে গুণতে হয়েছে ৬০ হাজার টাকা জরিমানা।
অন্যদিকে, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ে ‘চাটগাঁও রান্নাঘর’কে ১০ হাজার টাকা এবং ফ্রিজে অস্বাস্থ্যকর উপায়ে বিভিন্ন খাদ্যদ্রব্য মজুত রাখার অপরাধে ‘ভ্যালেন্সিয়া ফুড কর্নার’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ফয়েজ উল্লাহ স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
আজকের অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে পোড়া তেলের ব্যবহার, বাসিকাবার মজুত এবং নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতের মতো মারাত্মক অনিয়ম পাওয়া গেছে।
জনস্বার্থে আইন অনুযায়ী এ জরিমানা করা হয়েছে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এই অভিযান ভবিষ্যতে আরও কঠোর ও জোরদারভাবে বজায় থাকবে।
অসাধু ব্যবসায়ীদের এমন কর্মকাণ্ডে সাধারণ ভোক্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলেও ভোক্তা অধিকারের এই সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

