চট্টগ্রামের বোয়ালখালীতে সামাজিক সৌহার্দ্য ও বহুমাত্রিক সংহতি বজায় রাখার অঙ্গীকার নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বোয়ালখালী থানা পূজা উদযাপন পরিষদের নবগঠিত ও শীর্ষ নেতৃবৃন্দ।
আজ (৭ আগস্ট) অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি বোয়ালখালী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পারস্পরিক সহমর্মিতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্যের পরিবেশ অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া আসন্ন বিভিন্ন ধর্মীয় উৎসব অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ বিএনপি নেতা আজিজুল হক চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান এবং স্থানীয় পর্যায়ে অসাম্প্রদায়িক চেতনা অক্ষুণ্ণ রাখতে বিএনপির সহযোগিতার কথা তুলে ধরেন।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সহাবস্থানই বাংলাদেশের ঐতিহ্য।
তিনি আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বলেন, আমাদের ঐতিহ্যগত সামাজিক সম্প্রীতি যেকোনো মূল্যে বজায় রাখতে হবে। সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। পারস্পরিক বিশ্বাস ও সহমর্মিতাই আমাদের মূল শক্তি।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে বোয়ালখালী থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন শীল এবং সাধারণ সম্পাদক শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
এতে অর্থ সম্পাদক বিপ্লব দাশ বাবুসহ পরিষদের অন্যান্য প্রবীণ ও তরুণ নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন।

