চিরতরে সুর্যের ওপারে পাড়ি জমালেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সারোয়ার আলমগীরের পরম শ্রদ্ধেয় মা খদিজা বেগম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
শনিবার (৮ আগস্ট) দুপুর ২টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর এই প্রয়াণে পুরো ফটিকছড়ি এলাকা ও রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে এক বিষাদময় শোকের ছায়া।
দীর্ঘ ৮৬ বছরের পথচলায় তিনি ছিলেন এক আদর্শ রত্নগর্ভা মা। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজ শনিবার রাত ৯টায় মরহুমার পূর্ব ফরহাদাবাদস্থ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে।
এমপি সারোয়ার আলমগীরের মায়ের আকস্মিক প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে শোকের আবহ তৈরি হয়।
সরকারের বিভিন্ন মন্ত্রী, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, সিটি মেয়র, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি’র কেন্দ্রীয় নেতাকর্মী থেকে শুরু করে তৃণমূলের হাজারো মানুষ তাঁর স্মৃতি ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।
সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ফটিকছড়ির দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
বিভিন্ন শোকবার্তায় রাজনৈতিক ও সামাজিকভাবে বিশিষ্ট ব্যক্তিবর্গ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
মহান আল্লাহ তায়ালা যেন খাদিজা বেগমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁর এই বিচ্ছেদ বেদনায় শোকসন্তপ্ত পরিবারকে ধারণ করার শক্তি ও ধৈর্য দান করেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

