এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ১২:১৯

আসন্ন মহালয়া ও সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে চট্টগ্রামে এক সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতিময় পরিবেশের সৃষ্টি হয়েছে।

উৎসবের সার্বিক প্রস্তুতি ও অসাম্প্রদায়িক চেতনাকে আরও সুসংহত করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

শনিবার সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশস্থ সংসদ সদস্যের নিজ বাসভবনে এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।

অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ এই পরিবেশে বোয়ালখালী উপজেলার সামগ্রিক সার্বজনীন দুর্গোৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা।

সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহকে আসন্ন মহালয়া ও শারদীয় দুর্গোৎসবের প্রশাসনিক, সামাজিক ও সার্বিক নিরাপত্তার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

এমপি এরশাদ উল্লাহ প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উৎসব যেন অত্যন্ত আনন্দমুখর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে, সে বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের শেষভাগে বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সংসদ সদস্য মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

উক্ত সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার একঝাঁক শীর্ষস্থানীয় নেতা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি স্বপন শীল এবং সাধারণ সম্পাদক শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি।

অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন-অর্থ সম্পাদক বিপ্লব দাশ বাবু, বিকাশ নাথ, সুমন ঘোষ, অ্যাডভোকেট রাজীব মল্লিক, বিপ্লব জলদাস, সজল নাথ, সুব্রত চক্রবর্তী, বিপ্লব দাশ, পিন্টু মল্লিক, টিটু নন্দী ও রাজীব ধর সহ স্থানীয় নেতৃবৃন্দ।

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি উৎসবকে সম্প্রীতির বন্ধনে উদযাপনের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি