এআইয়ের লড়াইয়ে টিকতে চাই জ্ঞান, পরিশ্রম ও মেধা: এরশাদ উল্লাহ

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১২:০১

সবার আগে বাংলাদেশ-এই মৌলিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালোবাসার পাশাপাশি নীতি-নৈতিকতায় সমৃদ্ধ সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আগামী দিনের বিশ্ব কেবল প্রচলিত প্রতিযোগিতার নয়, বরং তা হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেধাভিত্তিক এক কঠিন লড়াই।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এলাকা ও পৌরসভার বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এমপি এরশাদ উল্লাহ বলেন, জিপিএ-৫ পাওয়াটা পথচলার শুরুমাত্র, এটিই জীবনের শেষ সাফল্য নয়। সামনে বিশাল পথ পড়ে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেধার ভিত্তিতে আগামীর আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চান।

সেই আগামীর পথ দেখাবে তোমরাই। তাই এখন থেকেই সততা, নিষ্ঠা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”

জেলা বিএনপির সদস্য ও কৃতী সংবর্ধনা উদযাপন পরিষদের আহ্বায়ক মো. শওকত আলমের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগরের প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার কানিজ ফাতেমা, সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. ইলিয়াছ ও মাওলানা এরশাদুল ইসলাম।

সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে অভিনয়ে প্রাথমিক জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী মনীশ ক্ষেত্র চৌধুরীসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী আদিত্য বড়ুয়া, নাফিজা ইসলাম ও আদিত্য সরকার।

পবিত্র কোরআন তিলওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির এক চমৎকার আমেজ তৈরি হয় অনুষ্ঠানের শুরুতে।

এরপর জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা। মূল আলোচনার পর বাউল মোজাহের ও উদীয়মান শিল্পী উম্মে কাউছার নিঝুমের মনোজ্ঞ সংগীত পরিবেশনা পুরো অনুষ্ঠানকে এক সাংস্কৃতিক উৎসবে রূপ দেয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি