নেপালের বন্যা পেরিয়ে নিরাপদে দেশে অপু বিশ্বাস,শোনালেন পাহাড়ি দুর্যোগের অভিজ্ঞতা

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ১২:২৩

নেপালে আচমকা নেমে আসা ভয়াবহ হড়পা বান ও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে অল্পের জন্য বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তার ‘শিকার’ সিনেমা শুটিং ইউনিট।

আতঙ্ক আর অনিশ্চয়তা কাটায়ে অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন পুরো দল।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় পৌঁছে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন অপু বিশ্বাস। সেসময় কাঠমান্ডুর সেই রোমহর্ষক ও ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

অপু বিশ্বাস জানান, গত ২৬ আগস্ট নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টার দূরত্বে অবস্থিত একটি পাহাড়ি এলাকায় হঠাৎ করেই প্রাকৃতিক দুর্যোগের সূত্রপাত হয়।

এর পরদিনই, অর্থাৎ ২৭ আগস্ট, একই পথ ধরে পুরো শুটিং টিমের যাতায়াতের কথা ছিল। কিন্তু মাত্র একদিনের ব্যবধানেই অলৌকিকভাবে তারা বড় ধরনের এক সম্ভাব্য দুর্ঘটনা থেকে রক্ষা পান।

যে পাহাড়ি পথটি ধরে তাদের কাঠমান্ডু ফেরার কথা ছিল, হড়পা বান ও ভূমিধসের কারণে সেই রাস্তাটি এখন অন্তত কয়েক সপ্তাহের জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

প্রকৃতির এমন রুদ্ররূপ ও স্থানীয় মানুষের অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে কাজ চালিয়ে যাওয়াকে যুক্তিযুক্ত মনে করেননি এই অভিনেত্রী। মানবিক দৃষ্টিকোণ থেকেই কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

অপুর ভাষ্য, মানুষ যখন চারপাশে এমন দুর্যোগ আর কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে, তখন সেখানে রঙিন গানের দৃশ্য ধারণ করা অত্যন্ত অমানবিক বলে মনে হয়েছে।

পরবর্তীতে পুরো টিম ও পরিচালকের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিত রেখে দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে ‘শিকার’ সিনেমার দৃশ্যায়ন চলছিল। সিনেমাটিতে অপু বিশ্বাসের সঙ্গে প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন কলকাতার গুণী অভিনেতা খরাজ মুখোপাধ্যায়।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক উদ্বেগ তৈরি হয়।

এর আগেই কলকাতা ফিরে অভিনেতা খরাজ মুখোপাধ্যায় তাদের নিরাপদে থাকার খবর নিশ্চিত করেছিলেন।

এবার ঢাকায় ফিরে অপু বিশ্বাসও কাঠমান্ডুর সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এবং নিরাপদে প্রত্যাবর্তন নিয়ে বিস্তারিত কথা বললেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি