চব্বিশের জুলাই-আগস্টের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে যুক্ত হতে যাচ্ছে এক নতুন ও আন্তর্জাতিক মাত্রা।
আইনি লড়াইয়ের জল গড়াতে শুরু করেছে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক আঙিনায়। জুলাই গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে এবার আদালতে দাঁড়াচ্ছেন এক প্রভাবশালী বিদেশি আইনজ্ঞ।
যুক্তরাজ্যের আইনজীবী গ্রায়েম এল. হল (Graeme L. Hall) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমানের আইনি প্রতিরক্ষায় লড়তে চান। এজন্য বাংলাদেশ বার কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে আবেদন পেশ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সালমান এফ রহমানের স্থানীয় আইনজীবী মুনসুরুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার সহযোগী হিসেবে দায়িত্ব পালন এবং মামলাটি দক্ষতার সঙ্গে মোকাবিলার লক্ষ্যেই গ্রায়েম এল. হল বাংলাদেশ বার কাউন্সিলে এই বিশেষ আবেদনটি দায়ের করেছেন।
নথিপত্র সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কাছে লিখিত আবেদনটি পৌঁছান বিদেশি এই আইনজীবী।
সেখানে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার বিশেষ আইনি বিধান উল্লেখ করে তিনি সালমান ফজলুর রহমানের পক্ষে ট্রাইব্যুনালে সরাসরি উপস্থিত থাকার অনুমতি প্রার্থনা করেন।
আবেদনের সমর্থনে নিজের দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা, প্রোফাইল ও সব প্রয়োজনীয় নথি সংযুক্ত করা হয়েছে।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত ঘটনার সুষ্ঠু বিচার এবং আন্তর্জাতিক মানের আইনি কাঠামোর জটিলতায় বিদেশি আইনজীবীর এই উপস্থিতি দেশের বিচারিক ইতিহাসে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ট্রাইব্যুনালের এই হাই-প্রোফাইল মামলায় বার কাউন্সিল বিদেশি আইনজীবীকে অনুমোদন দেবে কি না, এখন চোখ সেদিকেই।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

