পটিয়ায় সাবেক এমপির বাড়িতে ১৫ দিনের ব্যবধানে ফের চুরি

চরম আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্থানীয় অধিবাসীদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৩৮

চট্টগ্রামের পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামের বসতঘরে মাত্র ১৫ দিনের ব্যবধানে আবারও চুরির ঘটনা ঘটেছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ মাজারসংলগ্ন বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

পরপর দুবার একই বাড়িতে চুরির ঘটনায় স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামের পরিবারের সদস্যরা বর্তমানে চট্টগ্রাম নগরে বসবাস করেন।

পটিয়ার মূল বসতবাড়িতে তাঁর ভাগনে মো. আজাদ ও কেয়ারটেকার মো. লিটন থাকতেন। ঘটনার রাতে তাঁরা কেউ বাড়িতে ছিলেন না।

এই সুযোগে চোরচক্র ঘরের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা স্টিলের আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, আইপিএসের ব্যাটারি, দামি পিতলের সরঞ্জাম ও জামাকাপড়সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী লুটে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবেক এমপি নজরুল ইসলামের ভাগনে সাইফুল ইসলাম জানান, খালি পেয়ে তালা ভেঙে চোরেরা ভেতরে ঢোকে এবং মালামাল লুট করে নিয়ে যায়। এর আগে ১৫ দিন আগেও ঠিক একই কায়দায় একই ঘরে চুরির ঘটনা ঘটেছিল বলে তিনি অভিযোগ করেন।

অল্প সময়ের ব্যবধানে একটি সংরক্ষিত বাড়িতে বারবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁরা দ্রুত অপরাধীদের শনাক্ত ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের দাবি জানিয়েছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, সাবেক এমপির বাড়িতে চুরির ঘটনাটি তাঁরা জেনেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি