সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের পটিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে গুরুতর জখম হওয়া ব্যবসায়ী আবুল কাসেম (৫৫) ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার সকাল ৬টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামাল বাজার এলাকার সুপারি ব্যবসায়ী এবং আয়ুব আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, চিবাতলি গ্রামের প্রতিবেশী ইকবাল হোসেন ও তার সহযোগীদের সঙ্গে আবুল কাসেমের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।
গত ১৫ এপ্রিল সকাল ৯টার দিকে নিজ জমিতে কাজ করতে গেলে ইকবালসহ কয়েকজন তাকে বাধা দেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হলে আবুল কাসেম ও তার ভাই আবুল কালাম গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে আবুল কাসেমের মৃত্যু হয়। আহত আবুল কালামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় ১৯ এপ্রিল পটিয়া থানায় ইকবাল হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-২২/৯৮)।
নিহতের ছোট ভাই আবুল ফয়েজ অভিযোগ করে বলেন, “পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। অভিযুক্ত ইকবালের বিরুদ্ধে আগেও হত্যা মামলা রয়েছে।”
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পূর্বে দায়ের করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


