চট্টগ্রামের আনোয়ারায় কারখানার বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পাশের খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে বনফুল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে বর্জ্য নিষ্কাশনে ব্যবহৃত পাইপলাইনটি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জয়কালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানকালে আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামীম আহমদ সরকার, আনোয়ারা থানার এএসআই মাসুদ রানাসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বনফুল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি তাদের কারখানার বিষাক্ত গ্যাস, প্রক্রিয়াজাত বর্জ্য এবং গরুর গোবরের বর্জ্য সরাসরি পাইপের মাধ্যমে পাশের একটি খালে ফেলছিল। এতে খালের পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পরিবেশের ক্ষতি হচ্ছিল।
অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় বনফুল অ্যাগ্রো অ্যান্ড ডেইরিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি খালে বর্জ্য নিষ্কাশনে ব্যবহৃত পাইপলাইনটি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ধরনের কার্যক্রমের মাধ্যমে পরিবেশের ক্ষতি হলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে আনোয়ারা উপজেলায় এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত অব্যাহত থাকবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


