রাজধানী ঢাকায় অপরাধ সংঘটিত করে দীর্ঘদিন ধরে সিআরবি কিংবা বিনোদন কেন্দ্র সংলগ্ন ভিড়ে আত্মগোপন করে থাকার কৌশলও শেষ পর্যন্ত ব্যর্থ হলো।
ঢাকার মোহাম্মদপুর থানার একটি আলোচিত মাদক মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. নুর নবী প্রকাশ রিপনকে (২৯) চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।
সোমবার (৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৭ এ তথ্য নিশ্চিত করে।
এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ১৮ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরের খুলশী থানার ফয়’স লেক সংলগ্ন এলাকায় এক বিশেষ অভিযান চালায় র্যাবের একটি চৌকস আভিযানিক দল।
চারপাশের পরিবেশ ও গতিবিধি পর্যবেক্ষণ করে অত্যন্ত সতর্কতার সঙ্গে চিহ্নিত আসামি নুর নবীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুর নবী চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকার মো. ফারুকের ছেলে। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। মামলা নম্বর-৩৩(০৬)২০, ২০১৮ সালের আইনের ৩৬(১) এর ১৪(গ) ধারা।
মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করলে তিনি এতদিন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক জীবনযাপন করছিলেন।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপন করেছিলেন।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট খুলশী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


