back to top

চট্টগ্রামের দুজনসহ ২৫ ঘন্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, আক্রান্ত ৩১৯

প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৫ ১৪:২৪

সারা দেশে গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামের দুজনসহ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ৩১৯ জন।

মঙ্গলবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং দুজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৮৯।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় জুলাই মাসে; ৪১ জনের। আর আগস্টে এখন পর্যন্ত মৃত্যু হলো ছয়জনের।

এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিনজন এবং জুনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। মার্চ মাসে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।