চট্টগ্রামে আরও ৬৩ জন ডেঙ্গু আক্রান্ত: সেপ্টেম্বরেই ১৩ মৃত্যু, হাসপাতালে ভিড়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৭

চট্টগ্রামে ডেঙ্গুর চিত্র দিন দিন আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মাধ্যমে চলতি বছর জেলাটিতে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯৮৫ জনে, আর প্রাণহানির মোট সংখ্যা পৌঁছেছে ১৮ জনে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ শুক্রবারের (২৫ সেপ্টেম্বর) তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসটিই ডেঙ্গুর সবচেয়ে বড় আঘাত হেনেছে। এ মাসের মাত্র ২৫ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৪৯ জন এবং প্রাণ হারিয়েছেন ১৩ জন-যা পুরো বছরের মোট মৃত্যুর সিংহভাগ।

পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, বছরের মাঝামাঝি সময় থেকেই ডেঙ্গুর প্রাদুর্ভাব ধারাবাহিকভাবে বাড়তে শুরু করে। চলতি মাস সেপ্টেম্বর (২৫ তারিখ পর্যন্ত) আক্রান্ত ১,৯৪৯ জন, মৃত্যু ১৩ জন।

এর আগের মাস আগষ্টে আক্রান্ত ১,২০২ জন, মৃত্যু ২ জন। জুলাই মাসে আক্রান্ত ৫৩৬ জন, মৃত্যু ২ জন। জুন মাসে আক্রান্ত ১২২ জন। মে মাসে আক্রান্ত ৩৭ জন। এপ্রিল মাসে আক্রান্ত ২৯ জন। মার্চে আক্রান্ত ২০ জন। ফেব্রুয়ারিতে আক্রান্ত ২২ জন, মৃত্যু ১ জন এবং বছরের শুরু জানুয়ারি মাসে আক্রান্ত ৬৮ জন।

শুক্রবার প্রাপ্ত তথ্যমতে, নতুন ভর্তি হওয়া ৬৩ জন রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ৩৪ জন। এছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতালে ২১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং সিএমএইচ হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত মোট ৩,৯৮৫ জনের মধ্যে ১ হাজার ৯৭০ জন পুরুষ, ১ হাজার ১২৯ জন নারী এবং ৮৮৬ জন শিশু রয়েছে। শিশুদের বড় একটি অংশ আক্রান্ত হওয়ায় অভিভাবক ও চিকিৎসকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

চট্টগ্রামে বিগত বছরগুলোতেও ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ নিয়েছিল। এর আগের বছর ২০২৫ সালে মোট আক্রান্ত ৪,৮৬৪ জন, মৃত্যু ২৭ জন। ২০২৪ সালে মোট আক্রান্ত ৪,৩২৩ জন, মৃত্যু ৪৫ জন। ২০২৩ সালে মোট আক্রান্ত ১৪,০৮৭ জন, মৃত্যু ১০৭ জন এবং ২০২২ সালে মোট আক্রান্ত ৫,৪৪৫ জন, মৃত্যু ৪১ জন।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি মাসের এই হঠাৎ উর্ধমুখী গ্রাফ স্পষ্ট বার্তা দিচ্ছে যে এখনই মশক নিধন ও ব্যক্তিগত সচেতনতায় কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি