কোনোভাবেই পিছু হটছে না ডেঙ্গু: ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আক্রান্ত ৮৩

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪৭

নগর ও জেলাজুড়ে ডেঙ্গুর সংক্রমণ কোনোভাবেই কমছে না। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ৮৩ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মাধ্যমে চলতি বছরে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৫৩ জনে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এসব উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হওয়া নতুন ৮৩ জন ডেঙ্গু রোগীর চিকিৎসায় ব্যস্ত সময় পার করছেন চিকিৎসকেরা।

ভর্তি হওয়া রোগীদের পরিসংখ্যান :
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ৩৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ ১৭ জন, ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে ৩ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫ জন।

চলতি বছরের সার্বিক পরিস্থিতি:
প্রতিবেদনে আরও জানা যায়, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে মোট ২ হাজার ৮৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসা নিয়েছেন আরও ৫১৩ জন। সব মিলিয়ে মোট আক্রান্ত ৩ হাজার ৩৫৩ জন।

স্বস্তির বিষয় হচ্ছে, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৩ হাজার ১৩১ জন রোগী পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

তবে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ২২২ জন ডেঙ্গু রোগী।

এদিকে ডেঙ্গুর থাবায় প্রাণহানির মিছিলও থেমে নেই। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরে এ পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমানো পানি দূর করার পরামর্শ দিচ্ছেন, যাতে ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব হয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি