back to top

চন্দনাইশের বরুমতি খালে মিলল নিখোঁজ বৃদ্ধের মরদেহ

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫ ১৪:০৯

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার বরুমতি খাল থেকে নিখোঁজ হওয়া ৭৮ বছর বয়সী বৃদ্ধ সমশু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের দেয়া তথ্যে আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে ঘটনাস্থলে পৌছে বৃদ্ধের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত সমশু মিয়া উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া সাইর মোহাম্মদ পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

সমশু মিয়ার ছেলে মো. ইলিয়াছ জানান, তার বাবা গত ৮ আগস্ট সকালে চট্টগ্রাম শহরে বোনের বাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন।

বুধবার দুপুরে বরুমতি খালে তার বাবার লাশ পাওয়া যায়। পরিবারের সঙ্গে কারো কোনো শত্রুতা নেই বলেও তিনি জানান।

এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে তিনি মারা গেছেন। এ কারণে লাশটি গলিত অবস্থায় ছিল।