back to top

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত মিরসরাইয়ের জহির

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৪২

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা মো. জহির উদ্দিন (৪২)।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে আফ্রিকার মেফ্লাউরের পুবালাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত জহির মিরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের নুর আহম্মদ ড্রাইভার বাড়ির নুর আহম্মদের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, জীবিকার তাগিদে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জহির উদ্দিন। যাওয়ার পর কষ্টে ছিলেন। পরে ওই দেশের পুবালাঙ্গা এলাকায় দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। ১৬ বছর তিনি দেশে আসেননি।

জহিরের বড় ভাই মো. রেজাউল করিম বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় খবর আসে আমার ভাইকে গুলি করে মেরে ফেলেছে। আমার ভাই যাওয়ার পর দীর্ঘ ১৬ বছর দেশে আসেননি। এখন লাশ হয়ে আসবেন।

মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর পর দেশে আনা হবে।

জহিরের আত্মীয় ও এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন বলেন, জহির ভাই মারা যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। বিদেশে যাওয়ার পর আর দেশে আসেনি।