back to top

মিরসরাইয়ে স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ০৯:২৯

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মঘাদিয়া মিয়াপাড়া গ্রামের হুমায়ুনের ভাড়াটিয়ার ঘরে এ ঘটনা ঘটে।

নিহত রীনা আক্তার (২৯) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার ভেড়াখোলা গ্রামের আবু তাহেরের মেয়ে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী আলমগীর হোসেন (৩০)কে আটক করেছে।

আলমগীরও একই থানার লাড়টো গ্রামের শরাফত আলীর ছেলে। তারা স্বামী-স্ত্রী; দুইজনেই মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে খাইশি পোশাক কারখানায় কর্মরত ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, খাইশি পোশাক কারখানায় চাকরির সূত্রে আলমগীর স্ত্রী রীনা আক্তারকে নিয়ে মঘাদিয়ার মিয়াপাড়া গ্রামের হুমায়ুনের ঘরে ভাড়া থাকত। প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো।

শুক্রবার সকালে দুই জনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে রীনা আক্তারকে মারধরে করলে সে মারা যায়।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, নিহত রীনা আক্তারের মরদেহ উদ্ধার করে হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এ ঘটনায় নিহতের স্বামী আলমগীরকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।