চট্টগ্রামের সাতকানিয়ায় নিজের বাবাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পর পার্শ্ববর্তী উপজেলা বাঁশখালীতে পালানোর পথে পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
রবিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২নং ওয়ার্ড নয়াপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
নিহতের নাম আহমদ হোসেন (আনুমানিক ৪৮)। হত্যায় অভিযুক্ত তাঁর ছেলের নাম রিয়াদ হোসেন (২২)।
স্থানীয় বাসিন্দারা জানান, রিয়াদ ও তার বাবা উভয়েই আগে প্রবাসে ছিলেন। বর্তমানে রিয়াদ ব্যাটারি চালিত রিকশা চালান এবং বাবা আহমদ হোসেন কৃষিকাজ করতেন।
রিয়াদ মাদকসেবী এবং এলাকার খারাপ ছেলেদের সাথে আড্ডা দিতেন। তিনি ঠিকমতো পরিবারকে টাকা-পয়সা দিতেন না। এ নিয়ে বাবার সাথে প্রায়ই ঝগড়া ও হাতাহাতি হতো।
কেউ কেউ জানান, রিয়াদ আগে থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন, যার কারণে এমন ঘটনা ঘটেছে।
তবে স্থানীয়রা নিশ্চিত করেন, দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলছিল। সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
রবিবার আবারও ঝগড়া শুরু হলে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে রিয়াদ তার বাবা আহমদ হোসেনের গলায় ছুরিকাঘাত করেন। চিৎকার শুনে পরিবারের সদস্যরা আহমদ হোসেনকে উদ্ধার করেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদত ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর গলার ডান পাশে ধারালো কিছু দিয়ে আঘাতের জখম রয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত রিয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা হয়েছে।



