চট্টগ্রামের রাউজানে গভীররাতে দুর্বৃত্তদের গুলিতে জাহেদ তালুকদার (৪৫) নামের যুবদলের এক কর্মী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের আজিজিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটেছে। ধারণা এলাকাবাসীর।
গুলিতে আহত জাহেদ তালুকদার ওই এলাকার মুকিম বাড়ির আহম্মদ কবিরের ছেলে। তাঁকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন
আহত জাহেদ দীর্ঘদিন প্রবাসে থাকলেও বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।
জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, রাত ১২টার দিকে জাহেদ তালুকদার মুঈনীয়া আজিজিয়া মাদ্রাসার সামনে কিছু মানুষের জটলা দেখে দেখতে যান।
এ সময় স্থানীয় নুরুল আমিন প্রকাশ টেংরা কালু জাহেদের পায়ে গুলি করে। গুলিটি জাহেদের ডান পায়ের হাঁটুর নিচে লাগে। নুরুল আমিনের সঙ্গে ৮-১০ জন ছিল।
ওসি আরও বলেন, ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হলে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

