চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১৩ দোকানিকে মোট ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকাল ১২টা থেকে পরিচালিত অভিযানে দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, বাজারের রাস্তা দখল করে মালামাল রাখা, বাজার শৃঙ্খলা ব্যাহত ও ভোক্তা অধিকার ক্ষুণ্ন করাসহ নানান অনিয়মের জন্য জরিমানা দিতে হয় এসব দোকানিকে।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান।
তিনি বলেন, “মূল্য তালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক। বাজারের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনা করার সুযোগ নেই। নিয়ম ভঙ্গ করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা প্রশাসন জানায়, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা ও বাজার শৃঙ্খলা বজায় রাখতে কেরানীহাটসহ সাতকানিয়ার অন্যান্য বাজারেও এ ধরনের অভিযান নিয়মিত চলবে।



