back to top

কর্ণফুলীতে পর্যটকবাহী স্টিমার ডুবি,শতাধিক যাত্রীর সবাই অক্ষত

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬ ১৮:০৮

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে একটি পর্যটকবাহী স্টিমারের সাথে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষে স্টিমারটি ডুবে যায়।

তবে স্টিমারে থাকা শতাধিক যাত্রীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার গোলাম বেপারী হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. সেলিম মাঝি জানান, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ব্রীজঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে স্টিমারটি কর্ণফুলী নদীপথে কাপ্তাই যাচ্ছিল।

পথে রাঙ্গুনিয়ার গোলাপবেপারী হাট এলাকায় এলে নদীতে ডুবে থাকা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে।

এতে স্টিমারটি ডুবে যেতে থাকলে স্থানীয়রা নৌকা নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে এবং তীরে নিয়ে আসেন।

স্থানীয় মো. মিনার জানান, উদ্ধারকৃত যাত্রীদের দুটো বাসে করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে স্টিমার ডুবির ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, স্টিমারটি ডুবে যেতে দেখে যাত্রীরা তখন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন।

জানা গেছে, কর্ণফুলী উপজেলার ‘প্রত্যাশা’ নামের একটি সামাজিক সংগঠনের প্রায় শতাধিক সদস্য ও শুভাকাঙ্ক্ষী বার্ষিক বনভোজনের উদ্দেশ্য স্টিমারযোগে কাপ্তাইয়ের উদ্দেশ্যে এদিন ভোরে যাত্রা করেছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।

সংগঠনটির কয়েকজন জানান, এ ঘটনায় স্টিমারে থাকা যাত্রীরা সবাই নিরাপদে আছেন। তবে অনেকের মোবাইল ফোন ও বনভোজনের খাবার নষ্ট হয়েছে। তাই বনভোজন কর্মসূচি স্থগিত করে তারা বাড়িতে ফিরে গেছেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয়দের প্রচেষ্টায় সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।