কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— অটোরিকশার চালক হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার লোকমান হাকিমের ছেলে সাবের হোসেন ওরফে লালু এবং পশ্চিম ফুলডেইল এলাকার আবুল হোসেনের মেয়ে মুনতাহা আকতার।
আরও পড়ুন
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে টেকনাফগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কে চলাচলের সময় নাটমোড়াপাড়া এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে চাপা দেয়।
এতে অটোরিকশার চালকসহ দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ৮ জন।
আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আবসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


